সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) থেকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্থগিত থাকা বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা এবং মানসিক চাপে সমিতি উদ্বিগ্ন ছিল। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসমাশিস জানায়, শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এদিকে চার দফা দাবিতে গত সোমবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করায় দুই দিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি দ্রুত কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড আদেশ প্রদান এবং ২০১৫ সালের মতো দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন-সুবিধা পুনর্বহাল। শিক্ষক সমিতি জানায়, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array