আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, কিশোরগঞ্জে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকক্ষে নিজ নিজ আসনে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের জন্য ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে শিক্ষা বোর্ড এবং প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রশ্নপত্র ট্রেজারি বা থানা লকারে নিরাপদে সংরক্ষণ, ট্যাগ অফিসার ও পুলিশের প্রহরায় কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া এবং মোবাইলের মাধ্যমে সেট কোড পাওয়ার পর প্রশ্নপত্রের সিল খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীরাও মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। তারা শুধু সাধারণ কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি এবং শিক্ষা বোর্ড অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
এদিকে, কিশোরগঞ্জ জেলা প্রশাসন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রশ্নফাঁস, নকল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের শান্ত, আত্মবিশ্বাসী ও নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array