মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মাধ্যমিকের পাঠ্যবই সংকটে শঙ্কা, প্রাথমিকের বই প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মাধ্যমিকের পাঠ্যবই সংকটে শঙ্কা, প্রাথমিকের বই প্রস্তুত

দুই সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ। কিন্তু মাধ্যমিক স্তরের প্রায় ৬৭ শতাংশ পাঠ্যবই এখনো সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ফলে শিক্ষাবর্ষের শুরুতেই মাধ্যমিকের সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে সংকটের আশঙ্কা বেশি।

 

এনসিটিবির কর্মকর্তা ও পাঠ্যবই ছাপার সঙ্গে যুক্ত মুদ্রণকারীরাও একই ধরনের শঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের মতে, নবম শ্রেণির বই তুলনামূলকভাবে আগেই সরবরাহ সম্ভব হলেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সব বই জানুয়ারির মধ্যেও সরবরাহ শেষ নাও হতে পারে।

 

অন্যদিকে প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে কোনো সংকট নেই। এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই ইতিমধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে। ফলে বছরের শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে।

 

উল্লেখ্য, বিদায়ী শিক্ষাবর্ষেও বিনা মূল্যের পাঠ্যবই বিতরণে বিলম্ব হয়েছিল। শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাস পর সব বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

 

এনসিটিবি সূত্র জানায়, বিদায়ী বছরের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার পাঠ্যবই ছাপার প্রক্রিয়া আগেভাগেই শুরু করা হয়েছিল এবং নভেম্বরের মধ্যে ছাপা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে শেষ মুহূর্তে নভেম্বরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের দরপত্র বাতিল হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করতে হয়। পাশাপাশি মন্ত্রণালয় ও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন পেতেও দেরি হয়। এসব কারণে মাধ্যমিক স্তরের বই ছাপা ও সরবরাহ প্রক্রিয়া পিছিয়ে পড়ে।

 

এনসিটিবির তথ্য অনুযায়ী, আগামী বছর বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে ৮ কোটি ৫৯ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরে ২১ কোটি ৪৩ লাখের বেশি পাঠ্যবই ছাপানো হচ্ছে। ১৪ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরে ছাপা ও বাইন্ডিং শেষ হয়েছে প্রায় পৌনে ১১ কোটি কপি বই। এর মধ্যে সরবরাহ করা হয়েছে মাত্র ৭ কোটি ৮ লাখের বেশি কপি, যা মোট মাধ্যমিক বইয়ের প্রায় ৩৩ শতাংশ।

 

অন্যদিকে একই সময় পর্যন্ত প্রাথমিক স্তরে ৯৮ শতাংশের বেশি বই সরবরাহ সম্পন্ন হয়েছে এবং এনসিটিবির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণ শেষ হয়েছে।

 

পাঠ্যবই ছাপার গুরুত্বপূর্ণ সময়ে এনসিটিবিতে নিয়মিত চেয়ারম্যান না থাকাও একটি উদ্বেগের বিষয়। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

 

মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, প্রাথমিক স্তরের বই নিয়ে কোনো সমস্যা হবে না। তবে কাগজের সংকট, চুক্তিতে দেরিসহ নানা কারণে মাধ্যমিক স্তরের সব বই বছরের শুরুতে সরবরাহ করা সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ সোরাপ মিয়া (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের লিখিত বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোরাপ মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা ২টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদ্দাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এতে কৃষিবিদরা স্থানীয় কৃষির উন্নয়ন, অধিক ফলন নিশ্চিতকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষিযন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুণগত মান বজায় রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী কৃষি উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য সংগ্রহ এবং তার সঠিক প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

বর্তমান বোরো মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন এবং নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।