বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ ১৪৩২
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ ১৪৩২

রাজনৈতিক টানাপোড়েনে ‘হাসির দেশ’ থাইল্যান্ডে আজ নির্বাচন ও গণভোট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রাজনৈতিক টানাপোড়েনে ‘হাসির দেশ’ থাইল্যান্ডে আজ নির্বাচন ও গণভোট

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘হাসির দেশ’ হিসেবে পরিচিত থাইল্যান্ডেও আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচনের পাশাপাশি দেশটির সংবিধান সংস্কার প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে থাইল্যান্ড প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করে।

থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৭ সালে সামরিক শাসনের অধীনে প্রণীত সংবিধানে অনির্বাচিত সিনেট সদস্যদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

এবারের নির্বাচনকে মূলত দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে। দল দুটি হলো—রক্ষণশীল ও সেনা-সমর্থিত ভূমজাইথাই পার্টি এবং তরুণ সংস্কারপন্থী পিপলস পার্টি। যদিও দুটি দলই বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের অংশ, তবে ধারণা করা হচ্ছে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

নির্বাচনী প্রতিযোগিতায় আরও রয়েছে ফেউ থাই পার্টি। তবে দলটির সাবেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় পদচ্যুত হওয়ার পর দলটি রাজনৈতিক প্রভাব হারিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, থাইল্যান্ডে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। সে সময় নির্বাচিত প্রতিনিধিদের চার বছর দায়িত্ব পালনের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সংসদ ভেঙে দিয়ে এবার নতুন নির্বাচনের আয়োজন করা হয়।

কেন হচ্ছে আগাম নির্বাচন:

মে ২০২৫: প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়। সংঘর্ষে এক থাই সেনা নিহত হন।

জুন ২০২৫: উত্তেজনার মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আলোচনার জন্য কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ফোন করেন। ফোনালাপে তিনি হুন সেনকে ‘আংকেল’ সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন। ফোনালাপটি ফাঁস হলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই ঘটনার পর ফেউ থাই পার্টির প্রধান জোটসঙ্গী ভূমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। ফলে সরকার সংকটে পড়ে।

আগস্ট ২০২৫: থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে রায় দেন। এর ফলে তার প্রধানমন্ত্রিত্ব বাতিল হয়।

সেপ্টেম্বর ২০২৫: পরবর্তীতে সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল পিপলস পার্টির সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রী হন। তবে শর্ত দেওয়া হয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজনের।

ডিসেম্বর ২০২৫: শর্ত অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলে থাইল্যান্ডে নতুন সাধারণ নির্বাচনের পথ উন্মুক্ত হয়।

প্রথমার্ধেই শেষ খেলা, ভিয়েতনামের কাছে নত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
প্রথমার্ধেই শেষ খেলা, ভিয়েতনামের কাছে নত বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুরকে মোকাবিলা করার প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে বৃহস্পতিবার হ্যানয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুঝিয়ে দিল আন্তর্জাতিক ফুটবলে ভিয়েতনাম আর বাংলাদেশের ব্যবধান কতটা।

প্রথমার্ধেই করা তিন গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে স্বাগতিক ভিয়েতনাম। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তিনটি আক্রমণ ক্রসবার ও পোস্টে লেগে ফিরে যায়।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মতো কোনো খেলাই দেখাতে পারেনি। চারটি পরিবর্তন—জামাল ভূঁইয়া, শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ ও সুমন রেজাকে নামিয়েও কোনো সুফল পাননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। স্বাগতিকদের গোছানো ফুটবলের বিপরীতে বাংলাদেশের পরিকল্পনা কার্যকর হয়নি।

এই ম্যাচে ক্যাবরেরা একাদশে ৫ জন প্রবাসী খেলোয়াড় নিয়ে দল সাজান, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে চারজনের বেশি প্রবাসী খেলেননি।

মাঝমাঠে শামিত সোম কিছু নিখুঁত পাস দিলেও আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। হামজা দেওয়ান চৌধুরী শেষদিকে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে এলেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি। তার একটি শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে প্রথম গোলটি আসে। দো হোয়াংয়ের শট বাংলাদেশের খেলোয়াড় জায়ান আহমেদের গায়ে লেগে জালে জড়ায়।

১৮ মিনিটে ফ্রিকিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মান। ৩৮ মিনিটে হাইলং দুই ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন।

প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে ফয়সাল আহমেদ ফাহিমের একটি ভলি ভিয়েতনামের গোলরক্ষক রক্ষা করেন। এছাড়া সোহেল রানার একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

আগামীকাল (শুক্রবার) ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করবে তারা। যদিও বাংলাদেশ আগেই বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে, ফলে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

কোচ ক্যাবরেরার লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে মিশন শেষ করা। তবে ভিয়েতনামের বিপক্ষে দলের পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই কমে গেছে।


হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এবং বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও স্কাউট দলের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর মিলনমেলা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর মিলনমেলা

কিশোরগঞ্জের হোসেনপুরে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব।

স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, এবারের স্নানোৎসবের মহাষ্টমী তিথির লগ্ন শুরু হয় গত বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৭ মিনিটে এবং শেষ হয় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিটে।

হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এ অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয়সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এবার কয়েক লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হয়েছে।

অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবটি নির্বিঘ্নে পালন করেছেন। স্বাধীনতা দিবসের আমেজে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

তারা আরও জানান, স্নানোৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, স্নানঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে হলেও নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনপুর প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হোসেনপুর ও পাগলা থানার পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফলে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পেরেছেন।