রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

৫ কর্মী নেবে ওয়ালটন, ৪০ বছরেও করা যাবে আবেদন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
৫ কর্মী নেবে ওয়ালটন, ৪০ বছরেও করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ড্রাইভার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: ড্রাইভার, (পিকআপ/ডেলিভারি ভ্যান)।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস অথবা এসএসসি/এইচএসসি।

অভিজ্ঞতা: ৩ বছর।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: ২২-৪০ বছর।

কর্মস্থল: যে কোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

তাড়াইল ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি এনামুল সম্পাদক সাইফুল

রুহুল আমিন প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
তাড়াইল ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি এনামুল সম্পাদক সাইফুল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। এতে আগের কমিটির সভাপতি আলহাজ হযরত মাওলানা এনামুল হক (বড় হুজুর) পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহম্মদ সাইফুল ইসলাম সেক্রেটারি হিসেবে বহাল রয়েছেন। আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ (দা.মা.)কে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাড়াইল বাজারের ট্রলারঘাট এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই নতুন মেয়াদের সম্মেলন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ আলহাজ মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ এবং অর্থ সম্পাদক আলহাজ আলী আকবর মাস্টার।

এ ছাড়া সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগাম সম্মেলনের বিষয়ে নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যই বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।’

সম্মেলনে নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

কটিয়াদীতে জাতীয় কবিকে স্মরণ, অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
কটিয়াদীতে জাতীয় কবিকে স্মরণ, অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের বিদ্রোহী চেতনা আজও সমাজ ও রাষ্ট্রজীবনে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাত ৮টায় কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে একাডেমি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম। সাধারণ সম্পাদক আঃ রউফ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা ও সাম্যেরও কবি। তাঁর সৃষ্টিকর্মে মানুষের অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও সাম্যের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

বক্তারা আরও বলেন, নজরুলের প্রেম, সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সাহিত্য মানুষকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে একাডেমির সহ-সভাপতি মধুসূদন সাহা, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুল মান্নান (স্বপন), শামসুল আলম, দিপক কুমার সাহা, রতন কুমার সাহা, বিকাশ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল শাহীন, দপ্তর সম্পাদক শামসু উদ্দিন, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, সাংবাদিক মিজানুর রহমান, পল্টন কুমার সাহাসহ একাডেমির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বিন্নাটিতে হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান, কোরআন শরিফ বিতরণ করলেন ভিপি সোহেল

রেজাউল হক প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
বিন্নাটিতে হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান, কোরআন শরিফ বিতরণ করলেন ভিপি সোহেল

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় তাসমীউল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কিশোরগঞ্জের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)।

অনুষ্ঠানে কোরআন হিফজের সবক নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করেন খালেদ সাইফুল্লাহ সোহেল। পরে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় ভিপি সোহেল নবনির্বাচিত সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিগত সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবস্থা পুনর্গঠনের কারণে বর্তমানে বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি অচিরেই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেন।

মসজিদ-মাদ্রাসার মতো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা চালুর মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ী ও টেকসই ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার কথা বলেন।

দেশ গঠনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকার কথাও তুলে ধরেন ভিপি সোহেল। তিনি ২০২৪ সালের আন্দোলনে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। আগামী দিনে বর্তমান শিক্ষার্থীরা দেশকে সুন্দর ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু হানিফ, বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম মোল্লা এবং সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া।

এ ছাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মশিউর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শিক্ষার সবক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত মাহফিলে কোরআন তেলাওয়াত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।