কিশোরগঞ্জে নতুন উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবি- মেহেরুন্নেসা
কিশোরগঞ্জে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণের উপপরিচালক আইয়ুব আলী ও মোহাম্মদ ওয়াসিম এবং এনআরবিসি ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন ২৬ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা। এতে অংশগ্রহণকারীদের ব্যবসা পরিচালনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, তরুণ উদ্যোক্তারা যাতে সঠিক জ্ঞান, প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও যথাযথ প্রশিক্ষণ পান, এ কর্মসূচির মাধ্যমে সেই সুযোগ তৈরি করা হয়েছে। মাসব্যাপী এ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কিশোরগঞ্জের প্রশিক্ষণার্থীরা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার বিষয়ে কার্যকর ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সরকারের লক্ষ্য রয়েছে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নিজেদের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় ঋণসুবিধাও পাবেন।
স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, তাঁদের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array