সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য আবশ্যিক ফুয়েল কার্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য আবশ্যিক ফুয়েল কার্ড

কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জেলা জুড়ে মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে বৈধ মোটরসাইকেল চালকরা নিয়মিত ও নিরাপদভাবে জ্বালানী তেল সরবরাহ পেতে পারবেন, এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হবে।

জেলা প্রশাসনের নির্দেশে, মোটরসাইকেল চালকরা ০৪ এপ্রিল, ২০২৬ এর মধ্যে আবশ্যিকভাবে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করবেন।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ১।মূল জাতীয় পরিচয়পত্র; ২।মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড; ৩।স্ট্যাম্প সাইজের ছবি (১ কপি); ৪।ড্রাইভিং লাইসেন্স; ৫।মোবাইল নম্বর

জেলার অন্য উপজেলায় অবস্থানরত মোটরসাইকেল চালকরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করবেন। জেলা সদরের অন্যান্য জেলা থেকে আসা চালকরা জেলা প্রশাসকের কার্যালয়, ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে এটি সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসন সতর্ক করেছে, ০৪/০৪/২০২৬ তারিখের মধ্যে ফুয়েল কার্ড না সংগ্রহ করলে ০৫/০৪/২০২৬ থেকে জেলা জুড়ে কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানী তেল সরবরাহ বা বিপণন করা হবে না।

প্রাপ্ত জ্বালানী কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। জেলা প্রশাসন সকল মোটরসাইকেল চালককে সময়মতো ফুয়েল কার্ড সংগ্রহ করে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

লোকালয়ে শেয়ালের বিচরণে আতঙ্ক, কুলিয়ারচরে একদিনে ১২ জন হাসপাতালে

আজিজুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
লোকালয়ে শেয়ালের বিচরণে আতঙ্ক, কুলিয়ারচরে একদিনে ১২ জন হাসপাতালে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় লোকালয়ে শেয়ালের উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়েছে। রোববার (২৬ জুলাই) শেয়ালের কামড়ে ৯ জন এবং বিড়ালের কামড়ে আরও ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে একদিনে প্রাণীর কামড়ে আহত ১২ জন চিকিৎসা নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শেয়ালের কামড়ে আহতরা হলেন—সালুয়া ইউনিয়নের বাজরা মাছিমপুর গ্রামের নারগিস আক্তার (৩৯), মেহেরা বানু (৭০) ও পেয়ারা বানু (৬৫); ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের ফারুক (৫০), আবির (৯), মোশাররফ (৩৫), দিপালী রানী (২৯), মুসানা (৩২) ও সিয়াম (২২)।

এ ছাড়া বিড়ালের কামড়ে আহত হয়েছেন ভাটি জগৎচর গ্রামের মুক্তা (২০), ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের ফারহান (৩) এবং মানিকদী গ্রামের সাকিবুল (১২)।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে লোকালয়ে শেয়ালের বিচরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দিনের বেলাতেও শেয়ালকে বসতিপূর্ণ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এতে শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, ‘রোববার শেয়ালের কামড়ে সাতজন এবং এর আগের দুই দিনে আরও পাঁচজন চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে হয়নি।’

তিনি বলেন, ‘শেয়াল, বিড়াল বা অন্য যেকোনো প্রাণীর কামড়কে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করা জরুরি।’

তিনি আরও বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য কিন্তু চিকিৎসা ছাড়া প্রাণঘাতী রোগ। তাই প্রাণীর কামড়ের ঘটনা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী টিকা মজুত রয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি লোকালয়ে শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে লোকালয়ে বন্য প্রাণীর বিচরণ বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41