কুলিয়ারচরে খাল খনন কর্মসূচি সফল বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল সোয়া ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
সভায় খাল খনন কার্যক্রমের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন কৌশল, সংশ্লিষ্টদের দায়িত্ব ও স্বেচ্ছাশ্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান বলেন, “খাল খনন একটি সময়োপযোগী উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম বলেন, “খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে প্রকল্পটি আরও কার্যকর ও টেকসই হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে। এছাড়া খাল দখলমুক্ত রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ প্রকাশ করা হয়।




