বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২
বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২

কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানাধীন তারাপাশা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশ-এর সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মামুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল কিশোরগঞ্জ মডেল থানাধীন তারাপাশা এলাকার একটি স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সতর্কবার্তাঃ ১১ দলে নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সতর্কবার্তাঃ ১১ দলে নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত ‘১১ দলীয় জোট’ বা সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তবে এখনো বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে ১১ দল সংশ্লিষ্ট সংবাদের ফটোকার্ডে দলটির লোগো ব্যবহার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধরনের লোগো ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ দলীয় সমঝোতা থেকে সরে আসার প্রধান কারণ ছিল ‘শরিয়াহ’ প্রশ্নে জোটের অস্পষ্টতা এবং নীতিগত অবস্থান থেকে বিচ্যুতি। এই আদর্শিক পার্থক্যের কারণেই ইসলামী আন্দোলন জোট ত্যাগ করে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের পর থেকে দলটির রাজনৈতিক পথ সম্পূর্ণ আলাদা এবং বর্তমানে ওই ১১ দলের সঙ্গে তাদের কোনো যৌথ কর্মসূচি নেই বলেও এতে উল্লেখ করা হয়।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, কিছু গণমাধ্যম এখনো ১১ দল সম্পর্কিত সংবাদের সঙ্গে তাদের লোগো ব্যবহার করছে, যা কেবল ভুল তথ্যই নয়, বরং সাধারণ সমর্থকদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে নিজস্ব নীতি ও আদর্শের ভিত্তিতে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ১১ দলের কোনো সিদ্ধান্ত, কর্মসূচি বা বিবৃতির দায়ভার তাদের ওপর বর্তাবে না। ভবিষ্যতে এ ধরনের ফটোকার্ড বা গ্রাফিক্স ব্যবহারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টি

সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে খুলনার কয়রা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে জনজীবনে সাময়িক স্বস্তি এলেও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বায়ুমণ্ডলে এই অস্থিরতা তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশনায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ভৈরবে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিন মালিককে জরিমানা

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
ভৈরবে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিন মালিককে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা করাতকল (স-মিল) পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি করাতকলের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরসহ আশপাশের ইউনিয়নগুলোতে দীর্ঘদিন ধরে বিশটিরও বেশি স-মিল প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছে। এসব স-মিলের অধিকাংশেরই বন বিভাগের অনুমোদন নেই এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও অপর্যাপ্ত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব শহরের কাঠ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক

অভিযান চলাকালে তিনটি স-মিলের বিরুদ্ধে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং স-মিল পরিচালনার অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর ১২ ধারায় তাদের মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাপ্রাপ্ত করাতকলগুলো হলো— মেসার্স ভুঁইয়া স-মিল, যার মালিক আফজাল ভূইয়া (জরিমানা ১০ হাজার টাকা); মেসার্স আজগর স-মিল, মালিক আজগর আলী (জরিমানা ৪ হাজার টাকা); এবং মেসার্স মজনু মিয়া স-মিল, মালিক শান্ত মিয়া (জরিমানা ৩ হাজার টাকা)।

অভিযানে কিশোরগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে স-মিল পরিচালনা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বনজ সম্পদ রক্ষায় বড় ধরনের হুমকি। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তবে অভিযুক্ত স-মিল মালিকরা দাবি করেছেন, সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতার কারণে তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।