সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রিপেইড মিটারের দীর্ঘ টোকেনে চরম ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রিপেইড মিটারের দীর্ঘ টোকেনে চরম ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে

প্রতীকি ছবি

বিদ্যুতের মূল্য সমন্বয় ও প্রিপেইড মিটারের নিরাপত্তা হালনাগাদ কার্যক্রমের পর দেশের বিভিন্ন এলাকার মতো কিশোরগঞ্জেও দীর্ঘ টোকেন নম্বর নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আগে যেখানে মাত্র ২০ ডিজিটের টোকেন নম্বর ব্যবহার করে সহজেই বিদ্যুৎ রিচার্জ করা যেত, সেখানে বর্তমানে ১৬০ থেকে ৩২০ ডিজিট পর্যন্ত দীর্ঘ টোকেন নম্বর প্রবেশ করাতে হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি, ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিপেইড মিটারের ‘কি রিভিশন নম্বর’ (KRN) বা নিরাপত্তা কোড হালনাগাদের অংশ হিসেবে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো এ কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যুতের নতুন মূল্যহার, ভ্যাট এবং সফটওয়্যারভিত্তিক বিভিন্ন তথ্য মিটারে হালনাগাদ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই আপডেট সম্পন্ন করা হচ্ছে।

তবে বাস্তব পরিস্থিতিতে দীর্ঘ টোকেন নম্বর প্রবেশ করাতে গিয়ে নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। একটি সংখ্যা ভুল হলে পুরো টোকেন বাতিল হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বারবার ভুল কোড প্রবেশের কারণে মিটার সাময়িকভাবে লক হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

কিশোরগঞ্জের হারুয়া এলাকার বাসিন্দা আলমাছ মিয়া অভিযোগ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে ২০ ডিজিটের টোকেন ব্যবহার করে মিটারে রিচার্জ করে আসছি। কিন্তু চলতি মাসে প্রায় ১৮০ ডিজিটের একটি টোকেন পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। বিষয়টি জানতে বিদ্যুৎ অফিসে ফোন করলে আমাকে বলা হয়, সব নম্বর একসঙ্গে প্রবেশ করতে হবে। পরে দেখি, ২০ ডিজিটের বেশি মিটারের স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে না। আবার যোগাযোগ করলে বলা হয়, মিটার নষ্ট হয়ে গেছে এবং নতুন মিটার নিতে হবে।”

তিনি আরও বলেন, “পরে অন্য একটি সূত্র থেকে জানতে পারি, প্রতি ২০ ডিজিট প্রবেশের পর সবুজ বাটন চাপ দিয়ে পরবর্তী অংশ প্রবেশ করতে হয়। অথচ বিদ্যুৎ অফিস থেকে আমাকে এ তথ্য দেওয়া হয়নি। ফলে অযথা ভোগান্তির শিকার হতে হয়েছে।”

আরেক গ্রাহক রওফ মিয়া বলেন, “বিদ্যুৎ বিভাগের হটলাইন বা গ্রাহকসেবা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া জরুরি। অনেক সময় সঠিক তথ্যের অভাবে গ্রাহকরা হয়রানির শিকার হন। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত।”

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, প্রিপেইড মিটারের নতুন টোকেন পদ্ধতি চালুর আগে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, এসএমএস এবং স্থানীয় পর্যায়ে প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ এ ধরনের সমস্যার সম্মুখীন হতেন না। পাশাপাশি গ্রাহকসেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

সচেতন নাগরিকদের মতে, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে গ্রাহকদের যথাযথভাবে সম্পৃক্ত না করলে জনদুর্ভোগ বাড়বে। তাই নতুন টোকেন পদ্ধতি ব্যবহারের নিয়ম সম্পর্কে সহজ ভাষায় নির্দেশনা প্রচার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা জরুরি।

এদিকে দীর্ঘ টোকেন নম্বর ব্যবহারের বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আরও ব্যাপক প্রচারণা, সচেতনতামূলক কর্মসূচি এবং কার্যকর গ্রাহকসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রযুক্তিগত উন্নয়ন তখনই সফল হবে, যখন সাধারণ গ্রাহক সহজে ও নির্বিঘ্নে সেই সেবা গ্রহণ করতে পারবেন।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও নিমগাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি বই শিশুর চিন্তা, কল্পনা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে একটি গাছের চারা শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং সবুজ বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—লোকসংগীত (পল্লীগীতি) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জনকারী গাইটাল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির রাগীব, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী তাজকিয়া হোসেন ইমি এবং একই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41