মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বালিখলা ফেরিঘাটে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, স্বস্তি ফিরবে হাওরাঞ্চলের যাত্রীদের

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বালিখলা ফেরিঘাটে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, স্বস্তি ফিরবে হাওরাঞ্চলের যাত্রীদের

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বালিখলা ফেরিঘাটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য এ যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের হাজারো মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।

সোমবার (৮ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মাণকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, বালিখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন, বাজার কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিখলা ফেরিঘাটটি করিমগঞ্জ, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিস্তীর্ণ হাওরাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এ ঘাট ব্যবহার করে যাতায়াত করলেও এতদিন সেখানে যাত্রীদের বসার বা আশ্রয় নেওয়ার উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না। ফলে রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

ইটনা উপজেলার বাসিন্দা ও নিয়মিত যাত্রী মো. আব্দুল কাদির বলেন, “বালিখলা ঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু এখানে বসার কিংবা বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যাত্রী ছাউনি নির্মিত হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।”

স্থানীয় ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, “হাওরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘাটে দীর্ঘদিন ধরেই একটি যাত্রী ছাউনির প্রয়োজন ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাউনির পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা ও শৌচাগার নির্মাণ করা হলে যাত্রীদের ভোগান্তি আরও কমবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ বিশাল হাওরাঞ্চলের লাখো মানুষ প্রতিদিন বালিখলা ফেরিঘাট ব্যবহার করেন। রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে অনেক সময় তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীদের এই দুর্ভোগ কমানোর লক্ষ্যেই যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সড়ক ও জনপথ বিভাগের অনুমোদন নিয়ে সরকারি জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে।”

তিনি আরও জানান, যাত্রী ছাউনির সঙ্গে আধুনিক টয়লেট ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধার ব্যবস্থাও রাখা হবে, যাতে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি ঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও এ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি মিঠামইন-করিমগঞ্জ নৌপথে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।”

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। করিমগঞ্জ থানার নতুন ওসিও দায়িত্ব পালনে আন্তরিক ও তৎপর। তবে একটি এলাকার পরিবেশ ও সমস্যাগুলো সম্পর্কে সম্যক ধারণা পেতে একজন কর্মকর্তার কিছুটা সময় প্রয়োজন হয়।”

জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “জেলা পরিষদ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ১৫ থেকে ২০টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। আরও ৩০ থেকে ৪০টি যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

তিনি বলেন, “জেলা পরিষদ মানুষের সেবার জন্য কাজ করে। জনগণের যেকোনো যৌক্তিক দাবি ও প্রয়োজন পূরণে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব।”

এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে যাত্রী ছাউনিটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি ঘাট এলাকায় নিরাপত্তা, আলোকসজ্জা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও নিমগাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি বই শিশুর চিন্তা, কল্পনা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে একটি গাছের চারা শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং সবুজ বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—লোকসংগীত (পল্লীগীতি) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জনকারী গাইটাল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির রাগীব, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী তাজকিয়া হোসেন ইমি এবং একই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41