শাসকের চামড়ার রঙ বদলালেও শোষণের ধরণ বদলায়নি : মামুনুল হক
দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে; কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয়নি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
তিনি বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে। তারা আবারও লুটপাটের উৎসবে মেতে উঠেছে এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এসবের কারণে বাংলার মানুষ চাঁদার টাকা গুনতে গুনতে নাভিশ্বাস ফেলছে।
তিনি আরও বলেন, এ দেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস লড়াই করছে। সে কারণেই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনি জনসভায় সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন মামুনুল হক। তিনি তার বক্তৃতার একপর্যায়ে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
জনসভায় দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সভায় ১১ দলের প্রার্থীও বক্তব্য দেন। তিনি সদর ও হোসেনপুর উপজেলার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ সময় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array