চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।
প্রথমে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তাঁর বাম বুকের পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় বলেন, বাবুর বাম বুকে প্রায় এক ইঞ্চির মতো অংশে বুলেট বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রোপচার করা সম্ভব নয়, তাই রামেকে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। গুলিটি কোথা থেকে এসেছে এবং কীভাবে পথচারীর শরীরে বিদ্ধ হয়েছে—তা তদন্ত করে দেখা হবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array