‘গুপ্ত ও স্বৈরাচারীরা এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে’- জালাল উদ্দিন
কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ‘গুপ্ত ও স্বৈরাচারীরা এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে।’ তিনি বলেন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখাতে চাইলে তা মেনে নেওয়া হবে না।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ২১৪টি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা কাউকে রক্তচক্ষু দেখাতে ভয় পাই না। দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে আমরা সবার সহযোগিতা চাই। তবে কেউ যদি আমাদের রক্তচক্ষু দেখায়, আমরাও তাদের ছাড় দেব না।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান অসামান্য ত্যাগের মধ্য দিয়ে আজ দেশ পরিচালনা করছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্বের বিষয়টি সবাইকে সব সময় মনে রাখতে হবে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে জালাল উদ্দিন বলেন, তাঁদের স্লোগান হবে- ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে। তারেক রহমান, ভয় নাই- রাজপথ ছাড়ি নাই।’
উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. জহরলাল সাহা এবং সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল।
এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ জসীম উদ্দিন মেনু, মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তফছিরুল হাসিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শেষে আনন্দ র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।










Disqus comments are not configured yet.