নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা যুবদলের কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সৈয়দ হাসানুল হুদা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম এবং সহসভাপতি আবু সাঈদ রতন। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তবে তাঁদের অভিযোগ, বিগত সময়ে ক্ষমতায় থাকা গোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি চক্র সরকারের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বক্তারা বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় স্থানীয় নেতারা নিকলী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সব কমিটি পুনর্গঠনের দাবি জানান। তাঁদের মতে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা প্রয়োজন।













Disqus comments are not configured yet.