হোসেনপুরে দীর্ঘদিনের কোন্দল অবসান করে ঐক্যবদ্ধ বিএনপি—বিপাকে বিদ্রোহী প্রার্থী
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দুই যুগের কোন্দল অবসান ঘটিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। এ ঐক্যের ফলে দলীয় সিনিয়র নেতাকর্মীদের সমর্থন হারিয়ে মনোনয়নবঞ্চিত বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান চুন্নু কার্যত সঙ্গীহীন হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামকে বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। এই নির্দেশ বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আলম টাওয়ারে হোসেনপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাবেক স্পেশাল পিপি ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রদল সভাপতি ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুব রহমান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বাক্কার এবং শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জিএস আবুল হাসিম সবুজসহ আরও অনেকে।
দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে বিএনপির এই ঐক্যকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চান মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, পৌর বিএনপির শিক্ষা সম্পাদক আতাহার আলী মৃধা মাসুদ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হিমেল, যুগ্ম আহ্বায়ক নাজমুল ফয়েজ টুটুল, ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈম, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাজিব আহম্মদ, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম এবং পৌর যুবদলের সভাপতি শরিফ আহম্মেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমসহ একাধিক নেতা বলেন, হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল নিরসনের ফলে কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলামের বিজয়ের পথে আর বড় কোনো বাধা নেই। ঐক্যবদ্ধ নেতাকর্মীদের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মাজহারুল ইসলামের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান চুন্নু (মোরগ)। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন—মো. হেদায়েতুল ইসলাম হাদী (বাংলাদেশ খেলাফত মজলিস–রিকশা), মো. আলাল মিয়া (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–কাঁচি), আহম্মদ আলী (খেলাফত মজলিস–দেয়ালঘড়ি), তারেক মো. শহিদুল ইসলাম (এনপিপি–আম), এনামুল হক (সিপিবি–কাস্তে) এবং মাসুদ মিয়া (বাসদ–মই)।










