এসএসসি ২০২৬: প্রধান পরীক্ষক নিয়োগে ই-টিআইএফ পূরণে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের
এসএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের জন্য ই-টিআইএফ (e-TIF) পূরণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও দিকনির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা-সংক্রান্ত গোপনীয়তা রক্ষায় প্রতিষ্ঠানপ্রধানসহ কর্মরত সব শিক্ষকের ইটিআইএফ (e-TIF) যথাযথভাবে পূরণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের ই-টিআইএফ পূরণ করে বোর্ডে পাঠাতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, প্রধান পরীক্ষক হওয়ার আশায় অনেক শিক্ষক প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার না হয়েও e-TIF ফরমের মাস্টার ট্রেইনার সংক্রান্ত কলামে তথ্য প্রদান করেছেন, যা অনিয়ম ও প্রতারণার শামিল। যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার নন, তাদের অবিলম্বে e-TIF–এ দেওয়া তথ্য সংশোধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানও সত্যায়নকারী হিসেবে দায় এড়াতে পারবেন না।












