মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বার্সা-পিএসজিকে পেছনে ফেলে গ্যাব্রিয়েলকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বার্সা-পিএসজিকে পেছনে ফেলে গ্যাব্রিয়েলকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ

ইংল্যান্ডের ১৬ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে মৌখিক চুক্তিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েল নিজেই তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছেন। তিনি এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড়। তবে গত সেপ্টেম্বরে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশের পর থেকে আর সেখানে ফেরেননি।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির দলবদল মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এই তরুণ ফরোয়ার্ড।

গ্যাব্রিয়েল ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে রিয়াল। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি বলে জানা গেছে।

এই তরুণ ফুটবলারকে দলে পেতে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোও আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল সান্তিয়াগো বার্নাব্যুকেই নিজের পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।

১৬ বছর বয়সী গ্যাব্রিয়েলের বাবা-মায়ের সূত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্ট রয়েছে। এ কারণে ফিফার বিশেষ নিয়মের সুবিধা নিয়ে তাঁকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ।

গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা প্রকাশের পর ক্লাবটির সঙ্গে অনুশীলনও বন্ধ করে দেন গ্যাব্রিয়েল। তবে তাঁর সঙ্গে এখনো চুক্তি থাকায় দলবদলের বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এদিকে, এই দলবদল নিয়ে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ইউনাইটেড বলে জানা গেছে।

বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’

পাসপোর্ট চাওয়ার বিষয়টি শেখ হাসিনার কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে।’

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গার্মেন্ট শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্র্যাকটিক্যাল ও মৌখিক সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত হতে বলা হয়েছে। ঠিকানা: ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে নিজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র, মূল পাসপোর্ট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে না।

এ ছাড়া প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে তাঁদের মধ্যে এ যোগাযোগ হয়।

ফোনালাপে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার শস্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, খাদ্য করিডর গঠনে মধ্যস্থতার বিষয়ে ভারত প্রস্তুতির কথা জানিয়েছে।

মোদি শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

জেলেনস্কি মোদিকে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির বিষয়েও অবহিত করেন। যুদ্ধ বন্ধে ভারতের সম্ভাব্য ভূমিকা এবং অন্যান্য নেতার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তাকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অবরুদ্ধ সমুদ্রপথ বিশ্ব অর্থনীতি ও বহু মানুষের ওপর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ অব্যাহত রাখবেন।