বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে (৫৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ অক্টোবর এ মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।

আবেদনে বলা হয়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।

আবেদনে আরো বলা হয়, মামলার ঘটনার সঙ্গে দিলীপ আগরওয়ালার সম্পৃক্ততার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁকে এ মামলায় অর্থ ও অন্যান্য মাধ্যমে সহায়তাকারী বা মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন ও খাদ্যপণ্যে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন ও খাদ্যপণ্যে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে নামী-দামি বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানে নকল ভূষি উৎপাদন করে নামী-দামি বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাজার তদারকির পাশাপাশি জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কিশোরগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ পাবনার যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ পাবনার যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৯৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ঈদগাহ মাঠসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল। গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাবনা জেলার বাসিন্দা।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, চেকপোস্টে তল্লাশির সময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘বিশাল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসটির পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর সঙ্গে থাকা একটি ট্রাভেলিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের দাবি, উদ্ধার করা গাঁজার পাশাপাশি সাদ্দাম হোসেনের কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৯৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এসআরবির ভাষ্য, সাদ্দাম দীর্ঘদিন ধরে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সারাদেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য আয়োজনে কটিয়াদী সরকারি কলেজে নবীনবরণ

মাইনুল হক মেনু প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য আয়োজনে কটিয়াদী সরকারি কলেজে নবীনবরণ

‘এসো নবীন, জ্ঞানের পথে, গড়ো জীবন, গড়ো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা, শুভেচ্ছা বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজের শিক্ষক, অতিথি ও বর্তমান শিক্ষার্থীরা। এ আয়োজনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। জীবনের নতুন অধ্যায়ে পা রাখা শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য, দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মুহাম্মদ সাখাওয়াত হুসেন ও সহকারী অধ্যাপক বদরুন্নেছা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন এবং সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিব এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন ও তাইয়্যিবা আক্তার জেসি। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দা সাদিয়া জান্নাত মুনা, নিঝুম দাস বৃষ্টি ও শাহ শোয়েবুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ। এরপর প্রভাষক আশরাফুজ্জামান মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একজন শিক্ষার্থী নিজের জীবনকে আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই নবীন শিক্ষার্থীদের শুরু থেকেই নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। প্রকৃত শিক্ষার মাধ্যমে একজন মানুষকে মানবিক, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, কটিয়াদী সরকারি কলেজের নিজস্ব ঐতিহ্য, সুনাম ও শিক্ষার গৌরবোজ্জ্বল পরিবেশ রয়েছে। এ ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ বাঁক। এ পর্যায়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, অভিজ্ঞতা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান ও সৃজনশীল কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।