এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে এ অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
গতকাল রবিবার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়।
তবে এ-সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষাসচিব ও তিন অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাঁদের কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যেই শিক্ষা খাতে আনুপাতিক বাজেট বাড়ানো হচ্ছে। নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারত্ব বৃদ্ধি পাবে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজগুলোর জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলের জন্য অর্থ বরাদ্দ চেয়ে পাঠানো চিঠির বিষয়টি ফেসবুকে প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি লিখেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষকদের সব দাবি পূরণে তিনি কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজীও ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। তিনি জানান, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।













Disqus comments are not configured yet.