পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর
পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে আজ সোমবার বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে শ্রমিকদের চলমান আন্দোলন ও ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সব বিষয় বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজই বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মজুরি নির্ধারণের সময়সীমা হিসেবে তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, মজুরি বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।













Disqus comments are not configured yet.