ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ভারতের পূর্ব উপকূলে আরেকটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার (২ নভেম্বর) থেকে উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ভারতের স্থলভাগে আঘাত হানতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে। তবে এর তীব্রতা গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তুলনায় কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্ণবের আঘাতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি বহু ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানান, সোমবার পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সব মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদার করেছে কর্তৃপক্ষ।













Disqus comments are not configured yet.