ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বাকি অংশে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় একটি অংশ ইতিমধ্যে অকার্যকর করে দেওয়া হয়েছে। তবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’সহ আরও এক বা দুটি কৌশলগত পারমাণবিক স্থাপনা এখনো বাকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার (৩১ অক্টোবর) তিনি মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের বিরুদ্ধে ‘সংক্ষিপ্ত ও তীব্র সামরিক অভিযান’ অথবা নতুন করে ‘এপিক ফিউরি’ অভিযান চালানোর ইঙ্গিত দেন।
ট্রাম্পের বক্তব্যের পর ওয়াশিংটন ও তেল আবিবকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, যেকোনো ধরনের হুমকির মুখে আমেরিকান-জায়নবাদী শত্রুদের দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদকে লক্ষ্যবস্তুর তালিকায় রাখতে হবে। একই সঙ্গে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কৌশলগত স্থাপনাগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চললেও ইরানকে খুব একটা নির্ভরযোগ্য মনে হয় না। সামরিক অভিযানের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ না করলেও প্রয়োজন মনে করলে ওয়াশিংটন তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক উদ্দেশ্য অর্জনে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে নতুন করে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সমালোচনা করে ওয়াশিংটন জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।










Disqus comments are not configured yet.