মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সোমবার (২ নভেম্বর) তিনি সিউলে পৌঁছান।

রয়টার্স জানায়, সিউলের কাছে সিওংনাম শহরে অবস্থিত সিউল বিমানঘাঁটিতে এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ানকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং। এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ততুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজ ও তাঁর স্ত্রী নেসরিন ইলদিজ উপস্থিত ছিলেন।

এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতার, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ জাসির। এ ছাড়া ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) উপপ্রধান ও স্বাস্থ্যনীতিবিষয়ক প্রধান হালিত ইয়েরেবাকান এবং প্রতিরক্ষা শিল্পবিষয়ক সচিব হালুক গোরগুনও তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সফরের অংশ হিসেবে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এরদোয়ান। ৪ নভেম্বর পর্যন্ত তাঁর এ সফর চলবে।

বৈঠকে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে।

এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্র্যাকটিক্যাল ও মৌখিক সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত হতে বলা হয়েছে। ঠিকানা: ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে নিজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র, মূল পাসপোর্ট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে না।

এ ছাড়া প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে তাঁদের মধ্যে এ যোগাযোগ হয়।

ফোনালাপে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার শস্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, খাদ্য করিডর গঠনে মধ্যস্থতার বিষয়ে ভারত প্রস্তুতির কথা জানিয়েছে।

মোদি শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

জেলেনস্কি মোদিকে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির বিষয়েও অবহিত করেন। যুদ্ধ বন্ধে ভারতের সম্ভাব্য ভূমিকা এবং অন্যান্য নেতার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তাকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অবরুদ্ধ সমুদ্রপথ বিশ্ব অর্থনীতি ও বহু মানুষের ওপর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ অব্যাহত রাখবেন।

১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ধর্মপ্রাণ মানুষের কাছে এটি শুধু একটি ইবাদতখানা নয়, ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী আসেন মসজিদটিতে। এর তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ। রয়েছে তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে দৃষ্টিনন্দন ১০ তলা আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও। কিন্তু বিপুল অর্থের তহবিল ও উন্নয়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও মসজিদের ব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট এবং স্থায়ী পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে।

দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে পাগলা মসজিদ। এতে প্রশাসনিক জটিলতা ও জবাবদিহির ঘাটতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ স্থায়ী পরিচালনা কমিটি গঠন করতে হবে।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় মুরুব্বি ও মুসল্লিদের একটি প্রতিনিধিদল। এ সময় তাঁরা মসজিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হলেও স্থায়ী কমিটি গঠনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

মুসল্লিদের ভাষ্য, সাধারণত স্বল্প সময়ের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলেও দীর্ঘদিন ধরে একই ব্যবস্থায় প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় জবাবদিহি ও নিয়মিত তদারকির ঘাটতি তৈরি হচ্ছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রাষ্ট্রীয় নানা কাজে ব্যস্ত থাকায় মসজিদের দৈনন্দিন ব্যবস্থাপনায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেও অভিযোগ তাঁদের।

প্রতিনিধিদলের সদস্যরা আরও জানান, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁরা পর্যাপ্ত সময় পাননি। পাশাপাশি মসজিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বিশেষ করে নারী মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। দায়িত্ব পালনের সময় কিছু আনসার সদস্যের অসচেতনতা ও মোবাইল ফোন ব্যবহারের কারণেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে বলে দাবি করেন তাঁরা।

মসজিদ পরিচালনা কমিটিতে স্থানীয় নিয়মিত মুসল্লি, অভিজ্ঞ মুরুব্বি ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, যাঁরা দীর্ঘদিন ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত এবং এর পবিত্রতা ও সুনাম রক্ষায় আন্তরিক, পরিচালনা ব্যবস্থায় তাঁদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

মুসল্লিদের অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি পাগলা মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘পাগলা মসজিদ কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। সারা দেশের মানুষের কাছেও এটি অত্যন্ত পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অ্যাডহক কমিটি সাধারণত স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে। অথচ এখানে দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা চলমান থাকা দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব এবং স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করব।’

জেলা পরিষদ প্রশাসকের এই আশ্বাসের পর দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে মসজিদের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত তদারকি নিশ্চিত হবে।

অন্যদিকে, পাগলা মসজিদে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও তাঁদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে নামাজের জায়গার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মুসল্লিকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় নামাজ আদায় করতে হয়।

এ ছাড়া পর্যাপ্ত অজুখানা, শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় নারী-পুরুষ মুসল্লি এবং দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ দিনগুলোতে মানুষের সমাগম বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, মসজিদের বর্তমান অবকাঠামো ও ব্যবস্থাপনা দিয়ে ক্রমবর্ধমান মুসল্লি ও দর্শনার্থীদের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিকল্পিত সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ জমা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপুল এই অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে। তাঁদের প্রত্যাশা, তহবিলের অর্থ পরিকল্পিতভাবে ব্যবহার করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

গত ১০ আগস্ট ২০২৫ তারিখে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় তিনি তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে পাগলা মসজিদ ওয়াক্‌ফ এস্টেটে দৃষ্টিনন্দন ১০ তলা মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।

পরিকল্পিত এই কমপ্লেক্স বাস্তবায়িত হলে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মুসল্লিদের নামাজের স্থান, অজু ও পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পনাটির বাস্তবায়ন, অর্থায়ন ও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশার পাশাপাশি প্রশ্নও রয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে প্রচলিত ইতিহাস এবং শিক্ষক মতিউর রহমান রচিত ‘দেওয়ান ঈসা খাঁ’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়। পরে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয়।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, বাংলার বার ভূঁইয়াদের অন্যতম শাসক ঈসা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর দাদ খাঁ দুনিয়াদারির প্রতি আগ্রহ হারিয়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘পাগলা সাহেব’ নামে পরিচিত ছিলেন। তাঁর ইবাদত-বন্দেগির জন্য নরসুন্দা নদীর মাঝখানে একটি টিলার ওপর টিনের ঘর নির্মাণ করা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই স্থাপনাই পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।

স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মতে, পাগলা মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিপুল অর্থের তহবিলের যথাযথ ব্যবহার, মুসল্লিদের নিরাপত্তা, নারীদের নামাজের উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত অজুখানা ও পার্কিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ জন্য স্থানীয় মুসল্লি, বিশিষ্ট আলেম, অভিজ্ঞ ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর স্থায়ী পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয়, দেশের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে আর বিলম্ব না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর।