ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড, এক ম্যাচে ৫৩ লাল কার্ড
ফুটবল মাঠে নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটির অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ফুটবল ইতিহাসে এক ম্যাচে এতসংখ্যক লাল কার্ড দেখানোর ঘটনা এটিই প্রথম বলে দাবি করা হচ্ছে। এর আগে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল।
গত রবিবার ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়।
ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিক তাঁর আনুষ্ঠানিক প্রতিবেদনে জানিয়েছেন, সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত করতে তিনি ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে লাল কার্ড দেখান। এর আগে ম্যাচ চলাকালে আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কারের তালিকায় রাখা হয়। সব মিলিয়ে লাল কার্ড পাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৫৩।
দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, উবেরলান্দিয়ার কর্মকর্তারা প্রতিপক্ষ মামোরের খেলার সরঞ্জাম ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের বিক্ষুব্ধ সদস্যরা স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত ওই ঘটনাটিই এত দিন এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড হিসেবে পরিচিত ছিল।







Disqus comments are not configured yet.