সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় স্থান ইংল্যান্ডের
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার রোমাঞ্চে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। সেমিফাইনালে শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এই ম্যাচে দুই দলের আগ্রহ নিয়ে প্রশ্ন থাকলেও মাঠের লড়াই ছিল উপভোগ্য ও আক্রমণাত্মক।
ম্যাচ শুরুর মাত্র আড়াই মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। ফ্রান্সের দেজিরে দুয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন ডেকলান রাইস। তার জোরালো শট জালে জড়ালে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।
এরপর বুকায়ো সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা।
প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণের ধার আরও বাড়তে থাকে। ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের শট প্রথমে ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়ঁ। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি বুকায়ো সাকা। সহজেই বল জালে পাঠিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
বিরতির ঠিক আগে মাঝমাঠ থেকে আসা একটি সাধারণ পাস ফরাসি দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে পৌঁছে যায় সাকার কাছে। প্রথম ছোঁয়াতেই গোল করে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় ইংল্যান্ডের ৪-০ গোলের দাপট নিয়ে।
দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। মিশেল অলিসের নিখুঁত পাস থেকে ৫৩তম মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কিছুক্ষণ পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্যবধান আরও কমান ব্র্যাডলি বারকোলা। স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
এরপর আবারও গোল করেন এমবাপ্পে। তার জোড়া গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে ফ্রান্স।
তবে সেই সম্ভাবনায় পানি ঢেলে দেন বুকায়ো সাকা। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং ইংল্যান্ডকে ৫-৩ ব্যবধানে এগিয়ে দেন।
যোগ করা সময়ের ঠিক আগে দুর্দান্ত একক নৈপুণ্যে ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম। রক্ষণভাগ থেকে বল কেড়ে নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে অনবদ্য ফিনিশিংয়ে গোল করেন এই মিডফিল্ডার।
ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উপামেকানোর পাস থেকে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৬-৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
বিশ্বকাপের ব্রোঞ্জপদক নিশ্চিত করে টুর্নামেন্ট শেষ করল ইংলিশরা। অন্যদিকে শিরোপার লড়াইয়ে সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array