রাষ্ট্রপতি নির্বাচন চলছে, সংসদে ভোট দিচ্ছেন এমপিরা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ ভোটাররা ভোট দেন না। এ নির্বাচনের ভোটার কেবল জাতীয় সংসদ সদস্যরা। ভোটগ্রহণের পদ্ধতিও অন্যান্য নির্বাচনের তুলনায় ভিন্ন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
বৃহস্পতিবার ভোটগ্রহণের আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে দুটি অংশ থাকে। একটি অংশে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর এবং ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান থাকে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে স্বাক্ষরের জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়।
সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর নির্ধারিত নিয়মে ব্যালটটি ভোটের বাক্সে জমা দেবেন।
ইসি সচিব জানান, ভোটগ্রহণের জন্য কোনো আলাদা বুথ থাকবে না। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট গ্রহণ করবেন এবং ভোট দেওয়ার পর সুবিধাজনক কাছের যেকোনো একটি ব্যালট বাক্সে তা জমা দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন নির্বাচন কমিশনের সহকারী কর্মকর্তারা।
ইসি সচিব জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট কতটি ব্যালট কাস্ট হয়েছে, এর মধ্যে কতটি বৈধ এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কে কত ভোট পেয়েছেন—গণনা শেষে তা ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি।
পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় রাষ্ট্রপতি পদে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়াকে ঘিরে জাতীয় রাজনীতিতে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনাতেই নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array