রাষ্ট্রীয় মর্যাদায় হোসেনপুরের বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেনের দাফন
কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেন (৮০) মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাপাশাটিয়া গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসানা খাতুন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম এবং হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
স্থানীয়রা জানান, হাজী নূর হোসেন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনপূর্বক পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেনের দাফন সম্পন্ন করা হয়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array