বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।
সারাদেশের শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে সম্মাননার জন্য চূড়ান্ত করেছে। এর বাইরে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন আরও ছয়জন শিক্ষককে। তবে সম্মাননার তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গুণী শিক্ষক সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চারজন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ছয়জন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন ও মাদ্রাসার দুজন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন ও মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন ও মাদ্রাসার পাঁচজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক রয়েছেন। চিকিৎসা শিক্ষায় পাঁচজন চিকিৎসা মহাবিদ্যালয় ও পাঁচজন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array