ভৈরবে দুই ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলা, আসামি গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম
কিশোরগঞ্জের ভৈরবে দুই ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলা, ১৬ লাখ টাকা ছিনতাই এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।
রোববার বেলা ১১টার দিকে ভৈরবের চণ্ডীবের হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব উপজেলা শাখা, ভৈরব বইমেলা পরিষদ, ভৈরব প্রেসক্লাব, পিঠা উৎসব আয়োজন-সংশ্লিষ্ট সংগঠন এবং প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সোহেলুর রহমান, বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মো. সুমন মোল্লা, ইত্তেফাক ও এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা এবং প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্সসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, গত ১৮ অক্টোবর ব্যাংকে যাওয়ার পথে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নুরুল হক ও তাঁর ভাই মাসুদুর রহমান রানার ওপর হামলা চালানো হয়। তাঁদের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ আলীসহ চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে দুই ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং তাঁদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজপথে বৃহত্তর কর্মসূচি গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ব্যবসায়ী নুরুল হক ও তাঁর ভাই মাসুদুর রহমান রানাকে জড়িয়ে এক নারীকে উত্ত্যক্ত করার মিথ্যা অপবাদ ছড়িয়ে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তাঁদের দাবি, দুই ভাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এ ধরনের অপপ্রচার তাঁদের সুনাম ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ছিনতাই হওয়া টাকা উদ্ধারের উদ্যোগ এবং দুই ব্যবসায়ী ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।













Disqus comments are not configured yet.