মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আগামী জুলাইয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আগামী জুলাইয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষ্য

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোগ যুক্ত হতে যাচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল এবার সম্প্রসারিত হয়ে পৌঁছাবে কমলাপুর রেলস্টেশনে। এতে মেট্রোরেল থেকে নেমে অটোরিকশা বা অন্য যানবাহনে কমলাপুর যাওয়ার বাড়তি ঝামেলা কমবে। একই সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য তৈরি হবে সহজ যোগাযোগের সুযোগ।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশে পৌঁছেছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জুলাইয়ের শুরুতে এ অংশে যাত্রী নিয়ে বাণিজ্যিক চলাচল শুরু হতে পারে। এর আগে ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন এমআরটি লাইন-৬-এর এই সম্প্রসারণ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।

বর্তমানে ফার্মগেট, কারওয়ান বাজার বা অন্য স্টেশন থেকে মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত এসে কমলাপুর যেতে যাত্রীদের আলাদা যানবাহন ব্যবহার করতে হয়। এতে বাড়তি ভাড়া গুনতে হয়, সময়ও ব্যয় হয়। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হলে এই বাড়তি যাতায়াতের প্রয়োজন অনেকটাই কমবে।

রাজধানীর মেট্রোরেলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। শুধু মতিঝিল স্টেশন দিয়েই প্রতিদিন প্রায় এক লাখ যাত্রীর যাতায়াত রয়েছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রেলস্টেশনগামী যাত্রীদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক যাত্রীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশ চালু হলে এ সংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে প্রকল্পের প্রাক্কলনে উল্লেখ করা হয়েছে।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশের উড়ালপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। কমলাপুর মেট্রোস্টেশনের মূল কাঠামোর কাজও সম্পন্ন হয়েছে। এখন রেললাইন বসানো, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্থাপন এবং স্টেশনের বিভিন্ন কারিগরি ও আনুষঙ্গিক কাজ চলছে।

এ অংশে রেললাইন বসানোর পাশাপাশি বিদ্যুতের তার, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যন্ত্র, লিফট, চলন্ত সিঁড়ি এবং যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করতে হবে। স্টেশনের ভেতরে টাইলস, শৌচাগার ও অন্যান্য সুযোগ-সুবিধার কাজও শেষ করা প্রয়োজন।

কিছু যন্ত্রপাতি বিদেশ থেকে আনার বিষয়টিও সময়সূচির জন্য গুরুত্বপূর্ণ। এসব সরঞ্জাম স্থাপন ও পরীক্ষা সম্পন্ন না হলে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করা কঠিন হবে। এ কারণে নির্মাণকাজের অগ্রগতির পাশাপাশি কারিগরি প্রস্তুতির গতিও চালুর সময় নির্ধারণে ভূমিকা রাখবে।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি। আগের পরিকল্পনায় ২০২৫ সালের জুনে এ অংশ চালুর লক্ষ্য ছিল। পরে বিভিন্ন কারণে সময়সূচিতে পরিবর্তন আসে।

এই সম্প্রসারণে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ১ দশমিক ১৬ কিলোমিটার নতুন উড়ালপথ যুক্ত হচ্ছে। এর মাধ্যমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। পুরো পথে স্টেশন থাকবে ১৭টি।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক চলাচল শুরু করে জুলাইয়ের শুরুতে যাত্রী পরিবহনে যাওয়ার লক্ষ্য রয়েছে। তবে বাকি কারিগরি কাজ, যন্ত্রপাতি স্থাপন এবং পরীক্ষামূলক চলাচলের ফলাফলের ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে।

কমলাপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বেড়েছে। ফলে কমলাপুরে যাত্রীদের যাতায়াতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মেট্রোরেলের সঙ্গে কমলাপুর রেলস্টেশনের সরাসরি সংযোগ তৈরি হলে রেলযাত্রীদের একটি অংশ সড়কপথের পরিবর্তে দ্রুতগতির গণপরিবহন ব্যবহার করতে পারবেন। এতে স্টেশনমুখী সড়কে যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকা থেকে রেলস্টেশনে পৌঁছানোর সময় ও খরচও কমতে পারে।

ঢাকার যানজট কমানোর লক্ষ্য নিয়ে ২০১২ সালে এমআরটি লাইন-৬ প্রকল্প নেওয়া হয়। উত্তরা থেকে আগারগাঁও অংশে ২০২২ সালের ২৮ ডিসেম্বর এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশে ২০২৩ সালের ৪ নভেম্বর যাত্রী পরিবহন শুরু হয়।

এবার কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে মেট্রোরেল ও জাতীয় রেল যোগাযোগের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। তবে নির্ধারিত সময়ে চালু করতে হলে নির্মাণের অবশিষ্ট কাজ, কারিগরি পরীক্ষা এবং স্টেশনের যাত্রীসেবার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে।

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা তথ্য উপদেষ্টার

একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দল জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান। এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন।

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের সামনে যে তথ্য এসেছে, তা খুবই দুঃখজনক। একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত হয়ে কাজগুলো করেছে। এর পরিণতি তারা ভোগ করবে।’

মৃত্যুর পর কোনো ব্যক্তির মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন।

অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু ব্যক্তির বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গেও এমন আচরণ করা হয়েছিল।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তবে তাঁকে কোনো ধরনের গণপিটুনি বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে যুবদল: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে যুবদল: রিজভী

দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সংগঠনটি দীর্ঘ পথপরিক্রমায় দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বহুবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। রাজনৈতিক কারণে নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছপা হননি বলে মন্তব্য করেন রিজভী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে সংগঠনটি কাজ করে যাবে।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছেন। তাঁদের নেতৃত্ব যুবদলের ঐক্য সুসংহত করেছে। ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাঁদের সাহসী নেতৃত্ব ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় আবুধাবিতে শুরু হয়েছে দ্বিতীয় ‘এমিরেটস ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড’-এর চূড়ান্ত পর্ব। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাতের আয়োজনে এ প্রতিযোগিতায় পবিত্র কোরআনের হাফেজ, বিশিষ্ট ব্যক্তি এবং কোরআনের সেবায় অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাতের চেয়ারম্যান ড. ওমর হাবতুর আল দারঈ বলেন, গত শনিবার থেকে শুরু হওয়া চূড়ান্ত পর্বটি প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের ধারাবাহিকতা। এ পর্যায়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষস্থানীয় কারিদের অংশগ্রহণ, স্বীকৃত কিরাতের দক্ষতা যাচাই, সম্পূর্ণ কোরআন হিফজ, সুমধুর তিলাওয়াতের প্রতিভা অন্বেষণ এবং আমিরাতের তরুণ নাগরিকদের জন্য বিশেষ তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আল দারঈ জানান, প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতা পবিত্র কোরআনের সেবা, এর শিক্ষা ও মূল্যবোধের প্রচার এবং দেশি-বিদেশি হাফেজদের সম্মানিত করার প্রতি আমিরাতের নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আদর্শ অনুসরণ করে এ উদ্যোগ পরিচালিত হচ্ছে। তিনি দেশে ও দেশের বাইরে কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এবারের প্রতিযোগিতায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন বিভাগে অংশ নিয়েছেন প্রায় ১ হাজার ৪৬৪ জন প্রতিযোগী। প্রাথমিক মূল্যায়নের ধাপ পেরিয়ে তাঁদের মধ্যে প্রায় ৮৯ জন চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১১২ জন প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়। ২৭টি দেশের ধর্মীয় ও কোরআনবিষয়ক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক মনোনয়নের ভিত্তিতে এসব আবেদন জমা পড়ে। নির্ধারিত মানদণ্ড ও শর্ত পূরণ করে তাঁদের মধ্যে প্রায় ১১ জন আবুধাবিতে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে বিশেষায়িত ও অভিজ্ঞ ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিচারক প্যানেলের ৮০ শতাংশ সদস্যই আমিরাতি নারী। কোরআন শিক্ষায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিষয়টিও এ উদ্যোগে বিশেষ গুরুত্ব পেয়েছে।

আল দারঈ আরও বলেন, আমিরাতের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশ, পবিত্র কোরআন শুদ্ধভাবে পাঠ ও মুখস্থ করার চর্চা জোরদার এবং নতুন প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার প্রসারে কর্তৃপক্ষ কাজ করছে। এ ক্ষেত্রে আধুনিক শিক্ষাপদ্ধতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।