ওবায়দুল কাদেরদের রায় নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন দুই আইনজীবী
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে আখ্যায়িত করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগপন্থী দুই আইনজীবী।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
এদিকে, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। ওই সময় তাঁদের সঙ্গে আওয়ামী লীগপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে সেদিন তাঁদের সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন, ১৬ সেপ্টেম্বর, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
সেদিন প্রসিকিউশন জানায়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় তাঁদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।














Disqus comments are not configured yet.