ফ্যাশনের পরিবর্তনে বদলেছে পেশা, বদলায়নি নরসুন্দরদের ভাগ্য
মানুষের বাহ্যিক অবয়ব পরিপাটি রাখা এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া ফ্যাশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহায়তা করেন নরসুন্দর বা ক্ষৌরকাররা। মানুষের চেহারায় পরিবর্তন আনতে কাঁচি, ক্ষুর ও আধুনিক ট্রিমার হাতে দিনভর কাজ করলেও তাঁদের অনেকের জীবনে স্বচ্ছলতার পরিবর্তন আসে না। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ নরসুন্দর শান্ত চন্দ্র শীলের জীবনও যেন সেই বাস্তবতার প্রতিচ্ছবি।
উপজেলা সদরের বালিগাতী মোড়ে সাচাইল গ্রামের একটি সাধারণ সেলুনে কাজ করেন শান্ত চন্দ্র শীল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে যা আয় করেন, তা দিয়ে বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। সংসারের খরচ মেটাতে তাঁকে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় শান্ত চন্দ্র শীলের। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সারাদিন গ্রাহকদের সেবা দিয়ে যা উপার্জন করি, তা দিয়ে এই চড়া মূল্যের বাজারে মাস পার করা অসম্ভব হয়ে পড়ে। কেবল ঈদ বা বড় কোনো সামাজিক উৎসবের সময় কিছুটা বাড়তি আয়ের মুখ দেখি। কিন্তু সেই আয়ও আগের বকেয়া ঋণ পরিশোধ করতেই শেষ হয়ে যায়।’
শান্ত আরও বলেন, কালের বিবর্তনে তাঁদের কাজের পরিবেশ ও প্রযুক্তিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু জীবনযাত্রার মান ও ভেতরের কষ্টগুলো আগের মতোই রয়ে গেছে। সামাজিক অবহেলা ও আর্থিক টানাপোড়েন এখনো তাঁদের নিত্যদিনের সঙ্গী।
একসময় নরসুন্দর পেশা নির্দিষ্ট কিছু সনাতন ধর্মাবলম্বী পরিবারের ঐতিহ্যগত জীবিকা হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে এ পেশায় এসেছে পরিবর্তন। ধর্মীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কাজে যুক্ত হচ্ছেন। অতীতে হাটবাজারে কিংবা রাস্তার পাশে গাছের ছায়ায় সামান্য একটি আয়না, কাঁচি, ক্ষুর ও নড়বড়ে চেয়ার নিয়ে নাপিতদের বসে থাকতে দেখা যেত। প্রযুক্তির ছোঁয়ায় সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই বদলে গেছে।
বর্তমানে সেলুনগুলোতে কাঁচি ও ব্লেডের পাশাপাশি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আধুনিক ট্রিমার, ইলেকট্রিক শেভার, হেয়ার ড্রায়ারসহ নানা ধরনের যন্ত্রপাতি ও প্রসাধনসামগ্রী। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেলুনের সাজসজ্জা ও সেবার ধরনেও এসেছে পরিবর্তন। অনেক তরুণ এখন আধুনিক জেন্টস পার্লার বা সুসজ্জিত সেলুন ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। ফলে নরসুন্দর পেশা আর কেবল বংশপরম্পরায় চলে আসা জীবিকার মধ্যে সীমাবদ্ধ নেই।
তবে পেশায় আধুনিকতার ছোঁয়া লাগলেও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুব একটা হয়নি বলে মনে করেন তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ রফিকুল ইসলাম। তিনি বলেন, অর্থনৈতিক সংকটের চেয়েও এই সম্প্রদায়ের মানুষের জন্য বড় আঘাত হয়ে দাঁড়ায় সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এখনো সমাজের একটি অংশে এ পেশার মানুষকে অবজ্ঞার চোখে দেখা হয়। সামাজিক হীনম্মন্যতা ও লোকলজ্জার কারণে অনেকেই নিজের পেশাগত পরিচয় দিতে দ্বিধাবোধ করেন।
মুহাম্মাদ রফিকুল ইসলাম আরও বলেন, এমনকি অনেক কর্মীকে লোকচক্ষুর আড়ালে নিজের পরিবার বা আত্মীয়স্বজনের কাছেও সেলুনে কাজ করার বিষয়টি গোপন রাখতে হয়। একটি প্রগতিশীল ও সভ্য সমাজে একজন মানুষকে কেন তাঁর সৎ পেশাগত পরিচয় নিয়ে লজ্জিত হতে হবে, সেই প্রশ্ন আমাদের নাগরিক বিবেককে নাড়া দেওয়া উচিত।






Disqus comments are not configured yet.