রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-চীন
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বাংলাদেশ ও চীন।
পাশাপাশি মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে চীনের অব্যাহত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় লিউ হাইসিংয়ের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। এ সময় ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন অর্জন নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে লিউ হাইসিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তাঁর বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ ও চীনের সম্পর্ক জোরদারে তাঁর বাবার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
চীনের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইসিং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁর দপ্তরের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ ধারণার আওতায় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন উভয় পক্ষ।










Disqus comments are not configured yet.