সাফের পর্দা উঠছে আজ, সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে দলগুলো। প্রথম দিনেই রয়েছে দুটি ম্যাচ। এর মধ্যে একটিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অন্য ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান।
মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে খেলা সরাসরি দেখার ব্যবস্থা ও গ্যালারির টিকিট। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে ইচ্ছুক দর্শকদের জন্য থাকছে বিশেষ সুবিধা।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ-ডেতে অনুষ্ঠিত দুটি ম্যাচই একটি টিকিটের মাধ্যমে উপভোগ করতে পারবেন দর্শকরা। অর্থাৎ, একই দিনে দুটি ম্যাচ দেখতে আলাদা টিকিট কেনার প্রয়োজন হবে না। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।
টেলিভিশন ও অনলাইনে দেখা যাবে যেভাবে
যারা স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন না, তারা টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো।
জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি খেলা দেখা যাবে।







Disqus comments are not configured yet.