২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ছুটি ২৯ দিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৫ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২৯ দিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে বাংলাদেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেওয়া যেতে পারে। এ জন্য বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেওয়া হবে।
এ ছাড়া যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।










Disqus comments are not configured yet.