বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্র্যাকটিক্যাল ও মৌখিক সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত হতে বলা হয়েছে। ঠিকানা: ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে নিজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র, মূল পাসপোর্ট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে না।

এ ছাড়া প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

নিকলীতে আত্মগোপনে থাকা বিস্ফোরক মামলার আসামী পলাতক কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শেখ ওবায়দুল হক সম্রাট প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
নিকলীতে আত্মগোপনে থাকা বিস্ফোরক মামলার আসামী পলাতক কৃষক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জামাল উদ্দিন নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। অভিযোগ অনুযায়ী, বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামাল উদ্দিনের নাম রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জামাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সংগঠনটির কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, জামাল উদ্দিন কৃষক লীগের নেতা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচের আগে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কোচ থাকাকালে বাংলাদেশের বিপক্ষে ডাগআউটে লাল কার্ড দেখেছিলেন কুয়েতি এই কোচ।

সেদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচের ১৭ মিনিটের দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানাতে গিয়ে মুতাইরি বাংলাদেশের ডাগআউটের দিকে তেড়ে যান। এ সময় সহকারী কোচ হাসান আল মামুনের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই ম্যাচের সিরিজও ড্রয়ে শেষ হয়।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করার পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুতাইরি। তাঁর অভিযোগ, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড ছিল এবং শ্রীলঙ্কা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল। গ্রুপ পর্ব থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালুর দাবিও জানান তিনি।

আয়োজকদের নিয়েও মন্তব্য করে বিতর্ক তৈরি করেন এই কোচ। বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চাইলে অন্য দলগুলোকে খেলানোর প্রয়োজন নেই—এমন মন্তব্য করেন তিনি।

মুতাইরির এসব মন্তব্য সাফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।

১১ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে দলটি। অন্যদিকে, বাংলাদেশও চাইবে এ ম্যাচে জয় পেয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন এ মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।