বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান

আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনের পক্ষে দেশটির সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ২২ উপজেলায় প্রশিক্ষণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ২২ উপজেলায় প্রশিক্ষণ দেবে সরকার

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশের ২২টি উপজেলায় ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর চিঠি পাঠানো হয়।

চিঠি অনুযায়ী, ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিটির অনুকূলে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩০ জন করে মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণের মেয়াদ হবে ১০ দিন।

বরাদ্দ পাওয়া উপজেলাগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রামের পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার সদর ও রামু, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু, নরসিংদীর রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট।

প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতে ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে তাঁদের পেশাগত সক্ষমতা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

রেলওয়ের ৭০ শতাংশ মিটার গেজ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
রেলওয়ের ৭০ শতাংশ মিটার গেজ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ

বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ইঞ্জিন বহরের প্রায় ৭০ শতাংশই অর্থনৈতিক আয়ুষ্কাল হারিয়েছে। ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির বয়স ২০ বছর পেরিয়েছে। পুরোনো এসব ইঞ্জিন সচল রাখতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। যন্ত্রাংশের অভাব, মেরামতে দীর্ঘসূত্রতা ও বাড়তি পরিচালন ব্যয়ে ব্যাহত হচ্ছে যাত্রী ও পণ্য পরিবহন। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে তিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর অর্থায়নে ৮০টি নতুন ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার।

রেলওয়ের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির মোট ২৯২টি লোকোমোটিভের মধ্যে মিটার গেজ ১৬৪টি এবং ব্রড গেজ ১২৮টি।

কোড-ম্যানুয়েল অনুসারে, একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু ২০ বছর। সেই হিসাবে মিটার গেজের ১১৫টি ইঞ্জিন মেয়াদ পার করেছে। বাকি ৪৯টির অর্থনৈতিক আয়ুষ্কাল রয়েছে। তবে এসব ইঞ্জিনের কতটি নিয়মিত ব্যবহারের উপযোগী, তার পৃথক পরিসংখ্যান নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশি। ফলে মেরামতের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকে অনেক লোকোমোটিভ। বাড়ছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নতুন ট্রেন চালু এবং পণ্য পরিবহন সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন কেনা হবে। এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন সংগ্রহে দরপত্র কার্যক্রম চলছে। এআইআইবির অর্থায়নে সমপরিমাণ ইঞ্জিন কেনার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২০২৯ সালের মধ্যে ৮০টি ইঞ্জিন পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এডিবির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ২০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এআইআইবির ঋণসহায়তায় ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৭ লাখ এবং ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, টুলস ও রক্ষণাবেক্ষণের সরঞ্জামও কেনা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন লোকোমোটিভ যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরসহ মিটার গেজ রুটগুলোতে ট্রেন চলাচল বাড়ানো সম্ভব হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। রেলওয়ের পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের লক্ষ্য থাকলেও এ কাজে বিলম্বের কারণে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্ত মিটার গেজ ট্রেনের প্রয়োজন হতে পারে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে আইআইএফসি বাংলাদেশ। গত ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কয়েকটি শর্ত পূরণের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করা হয়। পরে সেগুলো অনুসারে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে।

রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, ইঞ্জিনের অভাবে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো উদ্যোগ না নেওয়ায় এ সংকট তৈরি হয়েছে। নতুন লোকোমোটিভ যুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র, ক্রয়, উৎপাদন ও সরবরাহ শেষ করাই এখন বড় পরীক্ষা।

ড্রোন ও আধুনিক জলযানে বাড়বে কোস্টগার্ডের নজরদারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ড্রোন ও আধুনিক জলযানে বাড়বে কোস্টগার্ডের নজরদারি

সামুদ্রিক অপরাধ দমন ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে ড্রোন, দ্রুতগতির জলযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

দেশের ১৯টি উপকূলীয় জেলার বিস্তীর্ণ সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যম কে  বলেন, ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি কোস্টগার্ডের কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি বলেন, দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও বিস্তীর্ণ সামুদ্রিক এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও কোস্টগার্ডকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র ও দুর্গম অবস্থানের কারণে এসব অভিযান আরও জটিল হয়ে ওঠে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সাব্বির আলম সুজন বলেন, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। সমন্বিত সামুদ্রিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে কোস্টগার্ডের।

ড্রোনের মাধ্যমে নির্ধারিত এলাকায় নজরদারি, নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে টহল জলযান ও উপকূলীয় স্টেশনগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বাসসকে বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

তিনি সামুদ্রিক বিষয়াবলি বা বঙ্গোপসাগরবিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

বিমরাড মহাপরিচালক বলেন, দীর্ঘ উপকূলীয় সীমান্ত ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা ব্যবস্থাপনায় ভারত ও পাকিস্তানের মতো দেশেও পৃথক মন্ত্রণালয় রয়েছে। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, সমুদ্রে সংঘটিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সে সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জনের সক্ষমতা বা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ (এমডিএ) সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের সক্ষমতা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণেও সহায়ক হবে।

সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি নিশ্চিত করতে দক্ষ জনবল, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সময়মতো তথ্য আদান-প্রদান অপরিহার্য। এর মাধ্যমে উদ্ভূত হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।