পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বর্তমানে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের অবকাঠামোগত মানোন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে বর্তমান সরকার।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলজিইডির কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
কর্মশালায় পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সামাজিক সুরক্ষা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, অনেকের কাছে ফ্যামিলি কার্ড নগণ্য মনে হলেও দরিদ্র পরিবারের কাছে এটি বড় সম্বল। ঝুঁকিপূর্ণ কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।
তিনি জানান, আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবারের নারী প্রধানের হাতে কার্ডটি তুলে দেওয়া হবে। এই উদ্যোগকে সর্বজনীন উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পরিবার এ কর্মসূচির আওতায় থাকবে।
প্রতিমন্ত্রী আরো জানান, আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুকে সম্মানী ভাতার আওতায় আনা হবে। চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এ ভাতার আওতাভুক্ত হবে।
জনসেবায় দুর্নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় ঘুষ নেওয়ার উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ থাকার অজুহাত দেখিয়ে মানুষকে দুই থেকে তিন দিন ঘোরানো হয়। এ ধরনের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।
এ সময় দেশের অধিকাংশ পৌরসভা অতীতে রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে সংবাদের আংশিক উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, গত মঙ্গলবার তাঁর দেওয়া বক্তব্যের কয়েকটি চুম্বক অংশ প্রকাশ করায় অনাকাঙ্ক্ষিত সমালোচনার সৃষ্টি হয়েছে। একইভাবে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রেও এমনটি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সরকারের আমলে অবাধ বাকস্বাধীনতা রয়েছে, তবে তা শিষ্টাচারের মধ্যে থাকা উচিত।’
অসাবধানতাবশত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।













Disqus comments are not configured yet.