সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পাঁচ ও দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২১ নভেম্বর) বিকেল ও রাতে জেলার সদর উপজেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের দুটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন মাদক মামলায় পাঁচ বছরের এবং অপরজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তার বাদল মিয়া (৫১) কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নম্বর ৫(৯)২০-এর সাজাপ্রাপ্ত আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী ওই মামলায় তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা জারির পর তিনি পলাতক ছিলেন।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে কিশোরগঞ্জ জেলার পুরান থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার কানিকাটা, শোলাকিয়া এলাকার আব্দুল হাশিমের ছেলে।

অপরদিকে, গ্রেপ্তার রাকিব (২৮) কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর ১২(৯)২২, জিআর ৪১৮/২২-এর সাজাপ্রাপ্ত আসামি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় ওই মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড হয়েছে।

শনিবার বিকেল আনুমানিক ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবির অপর একটি আভিযানিক দল। রাকিব সদর উপজেলার বত্রিশ মেলাবাজার এলাকার মো. শেখ সাদীর ছেলে।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কটিয়াদী থানার রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কটিয়াদী থানার রফিকুল ইসলাম

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম। গত অক্টোবর মাসে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে উল্লেখযোগ্য অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ১৩ থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৭ বাইক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৭ বাইক

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ চোর চক্রের আরও আট থেকে দশজন পলাতক সদস্যের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরবে বাড়ির পাশে গাঁজা গাছ চাষ, ছয় মাস পর গ্রেপ্তার হেলাল

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
ভৈরবে বাড়ির পাশে গাঁজা গাছ চাষ, ছয় মাস পর গ্রেপ্তার হেলাল

কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির পাশে গাঁজার গাছ লাগিয়ে ছয় মাস ধরে পরিচর্যা করার অভিযোগে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে তাঁর বাড়ির পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

ভৈরব উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় মৃত লায়েছ মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত হেলাল মিয়া নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছটি লাগিয়েছিলেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযানের নেতৃত্ব দেন ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাদশা বিল এলাকায় হেলাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাড়ির পাশে প্রায় ১০ ফুট লম্বা, ডালপালাসমৃদ্ধ একটি গাঁজার গাছ দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। গাছটি লাগানোর কথা স্বীকার করায় হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ তথ্য নিশ্চিত করে বলেন, হেলাল মিয়ার বাড়ির পাশে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গাঁজা সেবন ও বিক্রির উদ্দেশ্যেই গাছটি লাগিয়েছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় হেলাল মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।