বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে

তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ এবং পরিবারের ত্যাগের বিষয়টি সামনে এনে তাঁর সমর্থকরা এই আসনে তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, গুরুদয়াল সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাইফুল ইসলাম সুমন ছাত্ররাজনীতির কঠিন পথ পাড়ি দিয়েছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসায় স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলে দাবি করছেন তাঁর অনুসারীরা।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পূর্ববর্তী সরকারের সময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুল ইসলাম সুমন। স্থানীয় সরকার ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অতীতকে তাঁর রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করছেন সমর্থকরা।

সমর্থকদের দাবি, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকাকালে সাইফুল ইসলাম সুমন গুলিবিদ্ধ হয়েছিলেন। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে তাঁর সক্রিয় অবস্থানকে সাহসিকতা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে তুলে ধরছেন দলীয় কর্মীরা।

রাজনৈতিক মামলা ও হয়রানির কারণে তাঁকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে বলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সমর্থকদের তথ্যমতে, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর ৮২ বছর বয়সী বাবা, বিএনপির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহামেদ এবং পরিবারের পাঁচ ভাইকে একসঙ্গে কারাবরণ করতে হয়েছিল।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা, রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং ব্যক্তিগত ও পারিবারিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া একজন নেতার প্রতি দলীয় মূল্যায়ন ও আস্থা প্রকাশের গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তাঁদের বিশ্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়া হলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়বে এবং সাধারণ ভোটারদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।