“নির্বাচন হবে, সরকার প্রতিশ্রুতিবদ্ধ” — আসিফ নজরুল
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।
রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য, কিংবা আমাদের ওপর চাপ সৃষ্টির জন্য নানা বক্তব্য দেয়। এসব বক্তব্যের কিছু হয়তো সত্যও থাকে। কিন্তু তাদের কথাতেই অনেক সময় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।”
তিনি আরও বলেন, “১৬–১৭ বছর ধরে নির্বাচন হয়নি, তাই মানুষের মধ্যে কিছুটা সংশয় আছে। প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।”
জামিন সংক্রান্ত প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, অনেক সময় পুলিশের প্রতিবেদনেও তা নির্ভর করে। যেসব মামলায় ভিডিও ফুটেজ বা কণ্ঠ শনাক্ত আছে, সেখানে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্য, সেখানে জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়াতে পারে বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশ নেয়, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আদালতের চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। আদালত সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল জনগণ শিগগিরই পাবে।”







