হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে হোসেনপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সাহেবেরচর ভাটিপাড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে পাঁচ শতাধিক গবাদিপশুকে ভ্যাক্সিন দেওয়া হয়। পাশাপাশি খামারিদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং পশুপালন বিষয়ে করণীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন এবং ভেটেরিনারি সার্জন মোজাহিদুল কবির শিহাব।
তারা খামারিদের সঙ্গে সরাসরি কথা বলে পশুর স্বাস্থ্যরক্ষা, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, গবাদিপশুর সুরক্ষা ও উৎপাদনশীলতা বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে।







