হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান
কিশোরগঞ্জের হোসেনপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হোসেনপুর নতুন বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।
জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর নতুন বাজারের প্রধান সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে অস্থায়ীভাবে কাঁচা তরকারি, ফলসহ বিভিন্ন ধরনের ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন এক শ্রেণির ব্যবসায়ী। এতে বাজারে আসা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় অভিযানে নামে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ইউএনও রেকসোনা খাতুন পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বাজারের সড়কের ওপর বসানো কাঁচা মরিচ, পেঁপে, আলু, কলাসহ বিভিন্ন সবজির অস্থায়ী দোকান উচ্ছেদ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি।
অভিযানকালে ইউএনও রেকসোনা খাতুন বলেন, “সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি। জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। নতুন বাজারকে যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন। রাস্তার ওপর আর কোনো দোকান বসতে দেওয়া হবে না।”
এ সময় হোসেনপুর থানা পুলিশের সদস্য, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মচারী ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনওর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীরা। তাঁরা দ্রুত বাজারটিকে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array