মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কটিয়াদীতে মিড-ডে মিলে পচা-দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে মিড-ডে মিলে পচা-দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের বনরুটিজাতীয় খাবার পচা ও দুর্গন্ধযুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেই রুটিতে কালো আস্তরণ ও দুর্গন্ধ দেখা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর নষ্ট রুটিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হলেও খাবারের মান, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার মসূয়া ইউনিয়নের ৫২ নম্বর চরআলগী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিলের খাবার হিসেবে এসব বনরুটিজাতীয় খাবার বিতরণ করা হয়। খাবার হাতে পাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রুটিতে কালো আস্তরণ এবং রুটি থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে নষ্ট রুটিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়।

অভিভাবক শাহ পরান, মো. ইমরান ও আব্দুল্লাহ হিল ওয়ানি অভিযোগ করে বলেন, সরকারি উদ্যোগে শিশুদের জন্য খাবার সরবরাহ করা হলেও এর মান ও সংরক্ষণব্যবস্থা যথাযথভাবে তদারকি করা হচ্ছে না। রুটির প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ১৪ সেপ্টেম্বর উল্লেখ থাকলেও ১৩ সেপ্টেম্বর বিতরণের সময়ই রুটিতে কালো আস্তরণ ও দুর্গন্ধ পাওয়া গেছে।

তাঁরা বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই খাবার নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। খাবার সংরক্ষণ, পরিবহন কিংবা সরবরাহের কোনো পর্যায়ে গাফিলতি হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। শিশুদের জন্য সরবরাহ করা খাবারে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দুই শিক্ষার্থীর মা মোছা. স্বপ্না আক্তার অভিযোগ করে বলেন, প্রায়ই বিদ্যালয়ে শিশুদের কাঁচা কলা, দুর্গন্ধযুক্ত রুটি, কম সিদ্ধ ও নষ্ট ডিম দেওয়া হয়। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাঁরা এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, রোববার শিক্ষার্থীদের খাবার দেওয়ার সময় তিনি বিদ্যালয়ের কাজে উপজেলা সদরে ছিলেন। পরে বিদ্যালয়ের দপ্তরির কাছ থেকে বিষয়টি জানতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের পর কিছু রুটি নষ্ট ও দুর্গন্ধযুক্ত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়। পরে নষ্ট রুটিগুলো সংগ্রহ করে ফেরত দেওয়া হয়েছে।

অভিভাবকদের দাবি, শিশুদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের খাবারের গুণগত মান, সংরক্ষণ, মেয়াদ ও বিতরণ প্রক্রিয়া নিয়মিতভাবে তদারকি করা হোক। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই খাবার নষ্ট হওয়ার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ৫২ নম্বর চরআলগী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নষ্ট রুটি দেওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। রুটিগুলো ফেরত নেওয়া হয়েছে। যারা খাবার সরবরাহ করে, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জেনেছেন। শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারকে না জানিয়েই ইউপি ভোটের তারিখ ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
সরকারকে না জানিয়েই ইউপি ভোটের তারিখ ঘোষণা!

নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে অন্য সবার মতো তাঁরাও নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনের তারিখের বিষয়টি জানতে পেরেছেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুধু এইটুকুই জানাতে চাই, এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।”

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। এ ছাড়া নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয়ও জড়িত থাকে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।”

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসির প্রাক্-প্রস্তুতিমূলক সভা শেষে কমিশন জানায়, এবার মোট সাতটি ধাপে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচন আগামী ১২ নভেম্বর শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা বাদে দেশের ৬৩ জেলার সদর বা কাছাকাছি উপজেলার ইউপিগুলো প্রথম ধাপের নির্বাচনের জন্য বেছে নেওয়া হবে। প্রথম পাঁচটি ধাপেই বেশির ভাগ ইউপির নির্বাচন শেষ করা হতে পারে।

সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসির প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা আজ (সোমবার) স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছি এবং সভায় কতগুলো প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত নয়।”

কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৃহৎ কোম্পানিগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় কিশোরগঞ্জের ক্ষুদ্র বেকারি শিল্প চরম সংকটে পড়েছে। জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির নেতৃবৃন্দ।

ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজসংলগ্ন বিজয় চত্বরে মানববন্ধন করেন সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বেকারি শিল্পের প্রধান কাঁচামালের দামও বেড়েছে। এতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে জেলার অনেক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা বেকারি শিল্পের প্রধান কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভর্তুকি মূল্যে তা সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের বিল বাণিজ্যিক হারের পরিবর্তে শিল্পহারে নির্ধারণ, ক্ষুদ্র বেকারি মালিকদের সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংকঋণ প্রদান, বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ এবং হয়রানি বন্ধের দাবি করেন তারা।

এ ছাড়া বৃহৎ কোম্পানিগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতা থেকে ক্ষুদ্র বেকারিগুলোকে রক্ষায় সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণারও দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও উপদেষ্টা সমরেশ চন্দ্র দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দেন।

সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশীয় ক্ষুদ্র বেকারি শিল্প এবং এর সঙ্গে জড়িত হাজারো শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তাড়াইলে কিশোর তামিম নিখোঁজ, ৮ দিনেও সন্ধান মেলেনি

রুহুল আমিন প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
তাড়াইলে কিশোর তামিম নিখোঁজ, ৮ দিনেও সন্ধান মেলেনি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মো. তামিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার আট দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। গত ৭ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ কিশোর মো. তামিম তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে তামিম বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের সময় তামিমের পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩১৫।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের বিষয়ে জিডি পাওয়া গেছে। পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান করছে।

তামিমের বাবা জহিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা খুব সহজ-সরল। সে কোথাও একা যায় না। কেউ আমার ছেলেকে দেখে থাকলে দয়া করে আমাদের জানান।’

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি তামিমের সন্ধান পেলে তার বাবা জহিরুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৮৪৫-২০৩৩২৮