চলতি মাসে সরকারি চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি
চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। এ বছর সরকারি চাকরিজীবীদের জন্য বাকি রয়েছে দুটি সাধারণ ছুটি—১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মীদের জন্য টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে।
এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ অনুমোদন দেওয়া হয়। প্রেস সচিব জানান, আগামী বছরে মোট ২৮ দিনের ছুটি নির্ধারণ করা হলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে ২৮ দিনের পূর্ণাঙ্গ তালিকাটি উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।







