হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের শেষকৃত্য
কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি শ্রী কিশোর কুমার গুপ্তের (৯৭) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ এবং হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় কমিটির রাজীব চন্দ্র মোদক, ক্রীড়াবিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শ্রী কিশোর কুমার গুপ্ত এদিন সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, জীবদ্দশায় কিশোর কুমার ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়ানুরাগী। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা ছিল আজীবন। একসময় হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত বড় বড় ফুটবল ম্যাচে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রেফারির দায়িত্ব পালন করেছেন। তাঁর নিরপেক্ষতা ও শৃঙ্খলাবোধের কারণে খেলোয়াড় ও দর্শকদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
এছাড়া, তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের তাঁর অবদান স্থানীয়ভাবে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কিশোর কুমারের মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।







