রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগের চেষ্টায় পাইপলাইনে ছিদ্র, মেরামতের পর স্বাভাবিক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
অবৈধ গ্যাস সংযোগের চেষ্টায় পাইপলাইনে ছিদ্র, মেরামতের পর স্বাভাবিক সরবরাহ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের হাই-প্রেশার সঞ্চালন পাইপলাইনের ছিদ্র সফলভাবে মেরামত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রায় দুই মাস ধরে চলা গ্যাস লিকেজের অবসান ঘটিয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পাইপলাইনের ছিদ্র স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। এর ফলে কিশোরগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পাইপলাইনের ছিদ্র সফলভাবে মেরামত করা হয়েছে। বর্তমানে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই মাস আগে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পানির নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যায়। প্রথমদিকে গ্যাস নির্গমনের পরিমাণ কম থাকলেও সময়ের সঙ্গে তা বাড়তে থাকে। শেষ দুই সপ্তাহে উচ্চচাপের কারণে পানির ওপর ফোয়ারার মতো গ্যাস বের হতে থাকে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পাইপলাইন মেরামতের সময় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে কাজ শেষ হওয়ার পর অধিকাংশ এলাকায় চুলায় গ্যাসের চাপ আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার উদ্দেশ্যে প্রায় দেড় ইঞ্চি আকারের একটি ছিদ্র করা হয়েছিল। তবে উচ্চচাপের কারণে সেখানে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে প্রকৌশলীরা তিন স্তরের পাইলিংয়ের মাধ্যমে পাইপলাইনের চারপাশের পানি সরিয়ে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে ছিদ্রটি বন্ধ করেন।

তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স শাখার আঞ্চলিক অপারেশন (ভালুকা) ব্যবস্থাপক মো. শামীম হোসেন বলেন, “কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে সফলভাবে ছিদ্রটি বন্ধ করা গেছে। এখন পাইপলাইনের নিরাপত্তা আরও জোরদারে উন্নতমানের সুরক্ষা টেপ ব্যবহার করা হবে।”

তিনি আরও জানান, প্রাথমিক হিসাবে ছিদ্র থাকার কারণে শেষ কয়েক দিনে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে।

তবে মেরামতকাজে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ছিদ্রটি এক ইঞ্চিরও বেশি ছিল এবং গ্যাসের চাপ অত্যন্ত বেশি থাকায় শেষ দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে। তাঁদের ধারণা, সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার গ্যাস অপচয় হয়ে থাকতে পারে। তবে এ হিসাব তিতাস গ্যাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এ ঘটনায় গত ৪ আগস্ট কটিয়াদী মডেল থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি চুনাপাথর কারখানার মালিক দেলোয়ার হোসেন তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি জমির মালিক সুমন মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলার পর ৫ আগস্ট রাতে অভিযান চালিয়ে কাজীরচর এলাকার দুই জমির মালিক সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিয়াকে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীরচর গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে সুলতান উদ্দিন আকন্দ এবং একই গ্রামের রেজাউল করিমের ছেলে সুমন মিয়া। মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন তালুকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ৩ আগস্ট কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে উপজেলা প্রশাসন, তিতাস গ্যাসের আঞ্চলিক অপারেশন বিভাগ, প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় অবৈধ চুনাপাথরের কারখানাটি উচ্ছেদ করা হয় এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

কারখানা থেকে জব্দ করা ৭ হাজার ৮০০ ঘনফুট চুনাপাথর মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

সরকারের একাধিক সংস্থার তদন্তে পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টাকেই ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, “এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় এলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৬ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, মাসুদা ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনকারীদের পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। নিয়মিত অধ্যবসায় ও চেষ্টা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন ভূমিসেবা নিতে পারবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা ভূমিসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি কেন্দ্রটির মাধ্যমে নাগরিকদের কী ধরনের ভূমিসেবা দেওয়া হবে এবং কীভাবে এসব সেবা পাওয়া যাবে, সে বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এ ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। কেন্দ্রটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন।

তিনি জানান, নাগরিকরা সরাসরি জেলা ভূমিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়া যাবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্রের মাধ্যমে এক জায়গা থেকেই নাগরিকরা প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।

বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একই দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন এনসিপির নেতাকর্মীরা।