বাজিতপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সরারচর বাজারের দুটি দোকানে অভিযান চালান।
অভিযানে খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ধারা ৪০ মোতাবেক জরিমানা আদায় করা হয়। এর মধ্যে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী আবু নেছার মোস্তফা-কে ১০ হাজার টাকা এবং মুদি দোকানদার ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা সুমন সেনগুপ্তা-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




