টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, জায়গা পেল স্কটল্যান্ড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে—এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন অনেকটাই প্রত্যাশিত ছিল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে অবস্থিত আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নিতে পারে—এমন আলোচনা আগে থেকেই চলছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করে। তবে তার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজ জানিয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে।










